বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে।
৩১ মে (শনিবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. হায়দার আলী।
সভায় ইউএনও তানভীর আহমেদ বলেন, “তামাক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী, কবিরাজহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রকাশ্যে ধূমপানের দায়ে কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০ টাকা, দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে রাখার দায়ে পান দোকানি রবিউল ইসলাম (৪৪) কে ৩০০ টাকা, মো. শাহাজান আলী (৩৫) কে ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা কার্যকর করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বিএমডিএর সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম,বীরমুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, এসআই আনছারুল ইসলাম, বীরগঞ্জ থানা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি জেমিয়ন রায়, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































